নুরুল কায়সার জুয়েল
কক্সবাজার জেলা প্রতিনিধি:
কক্সবাজার জেলা পুলিশের মাস্টার প্যারেড পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম। কক্সবাজার জেলা সফরের অংশ হিসেবে বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) সকালে তিনি জেলা পুলিশের মাস্টার প্যারেড পরিদর্শন করেন।
মাস্টার প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিবাদন গ্রহণ করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি। পরে তিনি প্যারেডে অংশগ্রহণকারী পুলিশ কর্মকর্তা ও সদস্যদের শারীরিক সক্ষমতা, ফিটনেস, শৃঙ্খলা, পোশাক-পরিচ্ছদ ও সামগ্রিক টার্ন-আউট পরিদর্শন করেন। মানসম্মত পারফরম্যান্সের ভিত্তিতে যোগ্য পুলিশ সদস্যদের জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন তিনি।
প্যারেড পরিদর্শনকালে পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা, দায়িত্ব পালনের প্রস্তুতি ও শৃঙ্খলা পর্যবেক্ষণ করেন ডিআইজি। এ সময় তিনি বাংলাদেশ পুলিশের মূলনীতি ধারণ করে সততা, নিষ্ঠা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান।
ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি জনগণের প্রত্যাশা অনুযায়ী মানসম্মত পুলিশি সেবা নিশ্চিত করতে হবে। পুলিশের প্রতিটি সদস্যকে দায়িত্ব পালনে আরও আন্তরিক, পেশাদার ও মানবিক হতে হবে। জনগণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণের মাধ্যমে পুলিশের প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি পুলিশ সদস্যদের ড্রেসরুলস যথাযথভাবে প্রতিপালন, অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকের বিরুদ্ধে কঠোর ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের নির্দেশনা দেন। একই সঙ্গে পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো ধরনের শৈথিল্য না দেখিয়ে দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার পরামর্শ দেন।
ডিআইজি বলেন, “শৃঙ্খলা ও পেশাদারিত্ব পুলিশের শক্তি। জনগণের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের কাঙ্ক্ষিত সেবা পৌঁছে দিতে পুলিশ সদস্যদের সর্বদা প্রস্তুত থাকতে হবে।”
মাস্টার প্যারেড পরিদর্শনের সময় কক্সবাজার জেলার পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কক্সবাজার জেলা পুলিশের নিয়মিত পেশাগত কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত এ মাস্টার প্যারেডের মাধ্যমে পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা ও দায়িত্ব পালনের প্রস্তুতি আরও সুসংহত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।