রাব্বি সরকার: আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে নরসিংদীর শিবপুরে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে এই সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য মনজুর এলাহী।
শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ ফারজানা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের প্রশাসক তোফাজ্জল হোসেন মাস্টার, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কোহিনূর মিয়া, সহকারী কমিশনার (ভূমি) সামিউর রহমান, শিবপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সদস্য সচিব মোঃ নঈম উদ্দিন, শিবপুর পৌরসভা বিএনপির সভাপতি বাবুল মৈশান এবং নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ শিবপুর জোনাল অফিসের ডিজিএম মোঃ আল আমিন।
সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, শিবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব চক্রবর্তী, হিন্দু মহাজোটের সাংগঠনিক সম্পাদক কিশোর কুমার বর্মণ এবং উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রাজন রায়।
এছাড়াও উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপের পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় অংশ নেন।
সভায় পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, সিসিটিভি ক্যামেরা স্থাপন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।