শাহিন আলম আশিক, ঢাকা:
রাজধানীর মোহাম্মদপুরের আসাদ এভিনিউ এলাকার সেইন্ট পল স্কুল অ্যান্ড চার্চ থেকে চুরি হওয়া প্রায় ৭০ কেজি ওজনের একটি মূল্যবান প্রাচীন পিতলের ঘণ্টা উদ্ধার করেছে পুলিশ
মোহাম্মদপুর থানা পুলিশের কঠোর অবস্থান ও বিচক্ষণ অভিযানের মুখে চোরচক্রটি কোণঠাসা হয়ে পড়ায় মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে সেটি ফেলে পালিয়ে যেতে বাধ্য হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১ অক্টোবর ২০২৬ ভোর ৪টা ৩৫ মিনিটের দিকে ওয়াসা ভবনের সামনে অবস্থিত সেইন্ট পল স্কুল অ্যান্ড চার্চের দোতলার উন্মুক্ত স্থান থেকে এই ভারী পিতলের ঘণ্টাটি চুরি হয়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে থানায় মামলা দায়ের করা হয় এবং চোর চক্রকে আইনের আওতায় আনতে সাঁড়াশি অভিযান শুরু করে পুলিশ।
অবশেষে পুলিশের ধারাবাহিক অভিযানের মুখে আজ ২ অক্টোবর ২০২৬ রাত ২টা ৫০ মিনিটের দিকে মোহাম্মদপুরের জাকির হোসেন রোড এলাকার একটি ময়লার ডাস্টবিনের পাশ থেকে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় পরিত্যক্ত ঘণ্টাটি উদ্ধার করা হয়। পুলিশের এই দ্রুত পদক্ষেপ ও গোয়েন্দা তৎপরতার কারণেই অপরাধীরা মালামাল রেখে পালিয়ে যেতে বাধ্য হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে চাঞ্চল্যকর এই চুরির ঘটনার একটি রহস্যজনক দিকও খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জানা গেছে, ঘটনার ঠিক আগে গত ১ অক্টোবর রাত ১২টা ৩ মিনিট থেকে অজ্ঞাত কারণে চার্চের সিসিটিভি ক্যামেরার রেকর্ডিং সিস্টেম বন্ধ ছিল। অভ্যন্তরীণ কোনো সহযোগিতা বা পূর্বপরিকল্পনা এর সঙ্গে জড়িত কি না, তা খতিয়ে দেখতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ তদন্ত অব্যাহত রয়েছে।
*পুলিশের প্রশংসনীয় ভূমিকা:*
যোগদানের পর থেকেই মোহাম্মদপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. আব্দুল হালিম সাহেবের দূরদর্শী ও কঠোর আইন প্রয়োগের ফলে এলাকার কিশোর গ্যাং, চুরি ও ছিনতাইয়ের মতো অপরাধগুলো উল্লেখযোগ্য হারে নিয়ন্ত্রণে এসেছে। অপরাধ দমনে তাঁর এমন সময়োপযোগী ও পেশাদার ভূমিকা সাধারণ মানুষের মনে গভীর স্বস্তি ও আশার সঞ্চার করেছে। স্থানীয় জনগণের প্রত্যাশা, প্রতিটি থানায় এমন দক্ষ ও দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা থাকলে দেশ থেকে অরাজকতা ও অপরাধমূলক কর্মকাণ্ড খুব দ্রুত নির্মূল করা সম্ভব হবে।