শাহিন আলম আশিক,
বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়:
শারদীয় দুর্গোৎসবের বার্তা ও সামাজিক সম্প্রীতির মেলবন্ধন নিয়ে পঞ্চগড় সদর উপজেলা ও পৌরসভার ৩৬টি দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা পরিষদের প্রশাসক এম. এ. মজিদ। পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ও আলোকসজ্জা পর্যবেক্ষণ করেন এবং স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেন।
মণ্ডপ পরিদর্শনকালে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরের পক্ষ থেকে অসাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা পৌঁছে দেওয়া হয়। একই সাথে এমপি নওশাদ জমিরের শুভেচ্ছা উপহার হিসেবে প্রতিটি পূজামণ্ডপে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা এবং নতুন বস্ত্র বিতরণ করা হয়।
পূজামণ্ডপ প্রাঙ্গণে আয়োজিত মতবিনিময় সভায় জেলা পরিষদের প্রশাসক এম. এ. মজিদ বলেন,
”পঞ্চগড়-১ আসনের জনপ্রিয় সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরের পক্ষ থেকে আমরা আপনাদের মাঝে ভালোবাসার বার্তা নিয়ে এসেছি। আপনারা যাতে কোনো ধরনের ভয় বা শঙ্কা ছাড়াই অত্যন্ত আনন্দঘন, অনাবিল আনন্দ ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব পালন করতে পারেন, সে জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নিচ্ছদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”
তিনি আরও আশ্বাস প্রদান করে বলেন, “আগামীতেও সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনেরা যেন আরও বৃহৎ পরিসরে এবং উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে বর্তমান সরকার সব ধরনের সহযোগিতা প্রদান অব্যাহত রাখবে।” এ সময় তিনি অসাম্প্রদায়িক চেতনার ধারা বজায় রেখে সকলকে ঐক্যবদ্ধভাবে দুর্গোৎসব উদযাপনের আহ্বান জানান।
পরিদর্শনকালে জেলা পরিষদ প্রশাসকের সাথে যথাযথ প্রোটোকল অনুযায়ী উপস্থিত ছিলেন:
অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, যুগ্ম আহ্বায়ক, জেলা বিএনপি
মোঃ শফিউজ্জামান পাটোয়ারী রুবেল, সদস্য, জেলা বিএনপি
সোয়েব আলী সবুজ, সদস্য, জেলা বিএনপি
আবু দাউদ প্রধান, সভাপতি, পঞ্চগড় সদর উপজেলা বিএনপি
অধ্যক্ষ সামসুজ্জামান বিপ্লব, ১ নং সদস্য, পঞ্চগড় পৌর বিএনপি
জেবুন নেহার, সহ-সভাপতি, পঞ্চগড় জেলা মহিলা দল
এ ছাড়া সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সংসদ সদস্যের এই অর্থ ও বস্ত্র উপহার এবং নেতৃবৃন্দের আন্তরিক উপস্থিতিতে পূজামণ্ডপ পরিচালনা কমিটি ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা গভীর সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।