November 23, 2026, 5:34 pm
শিরোনাম:
কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের দুদকের পিপি হলেন টেকনাফের কৃতী সন্তান অ্যাডভোকেট রশিদুল আলম চৌধুরী ভৈরবে এসআরবি-১৪ এর অভিযানে ৮৬৫ বোতল ভারতীয় (Eskuf) সিরাপ উদ্ধার সহ মাদক কারবারী আটক, ভৈরবে পুত্রের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ মার্চে কবরে শায়িত, নভেম্বরে সন্ত্রাসবিরোধী মামলার আসামি বীর মুক্তিযোদ্ধা মেরিন ড্রাইভে শেখ হাসিনার নির্দেশে শত শত মানুষকে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়েছে: শাহজাহান চৌধুরী এমপি ভৈরবে পলিথিনের কাঁচামাল কারখানায় দুর্ঘটনা, নারী শ্রমিক নিহত স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবোতে দোয়া মাহফিল অনুষ্ঠিত ভৈরবে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন বেলাবোতে প্রধানমন্ত্রীর পক্ষ হতে এক হাজার কৃষক পেল ধান ও সরিষার বীজ বেলাবোতে তানভীর হাসান রুবেলের সমর্থনে নির্বাচনী গণসংযোগ

মার্চে কবরে শায়িত, নভেম্বরে সন্ত্রাসবিরোধী মামলার আসামি বীর মুক্তিযোদ্ধা

Reporter Name

 

মৃত্যুর সাড়ে সাত মাস পর মামলার এজাহারে ২১৯ নম্বর আসামি; মৃত্যুর আগে পেয়েছিলেন রাষ্ট্রীয় গার্ড অব অনার

ঝুমুর আক্তার – শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

মৃত্যুর সাড়ে সাত মাস পর সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আসামি হয়েছেন ৮৪ বছর বয়সী এক বীর মুক্তিযোদ্ধা। পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় তাঁর নাম রয়েছে ২১৯ নম্বর ক্রমিকে। অথচ পরিবারের দাবি, ঘটনার প্রায় সাড়ে সাত মাস আগেই গত ২৮ মার্চ রাত ১টার দিকে মারা যান তিনি। মৃত্যুর পর রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে গার্ড অব অনারও দেওয়া হয়। একজন মৃত ব্যক্তির নাম মামলার আসামির তালিকায় অন্তর্ভুক্ত হওয়ায় আসামি শনাক্ত ও এজাহার তৈরির প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে।

মৃত ওই ব্যক্তির নাম জহিরুল হক সামচু ঢালী। তিনি মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ঢালীকান্দি এলাকার বাসিন্দা এবং মৃত ইসমাইল ঢালীর ছেলে। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। পাশাপাশি কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের আগের প্রায় পাঁচ বছর তিনি এ দায়িত্বে ছিলেন।

পরিবারের দাবি, বার্ধক্যজনিত কারণে ২০২৬ সালের ২৮ মার্চ রাত ১টার দিকে মারা যান সামচু ঢালী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। এর আগে ২০২৫ সালে ঢাকার জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে হৃদ্‌রোগের চিকিৎসা নেন তিনি। এ সময় তাঁর হৃদ্‌যন্ত্রে দুটি রিং ও দুটি বেলুন স্থাপন করা হয়েছিল বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর দিবাগত রাত দেড়টার দিকে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোলপ্লাজার সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় লাঠিসোঁটা ও লগি-বৈঠা নিয়ে তাঁরা সড়কে অবস্থান নেন। পাশাপাশি যানবাহন ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে প্রায় ৩০ মিনিট যান চলাচল বন্ধ থাকে।

এ ঘটনায় ১২ নভেম্বর পদ্মা সেতু দক্ষিণ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন থানার উপপরিদর্শক (এসআই) আকরাম হোসেন। মামলায় ২৫১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৭০০ জনকে আসামি করা হয়েছে। নামের তালিকায় ২১৯ নম্বরে রয়েছে মৃত বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক সামচু ঢালীর নাম।

সামচু ঢালীর ছেলে নাজমুল হক ঢালী পেশায় ওষুধ ব্যবসায়ী। তিনি বলেন, তাঁর বাবা ঘটনার প্রায় সাড়ে সাত মাস আগেই মারা গেছেন। বাবার মৃত্যুর বিষয়টি এলাকার মানুষেরও জানা। মৃত্যুর পর পারিবারিক ও ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পাশাপাশি রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। এরপরও কীভাবে একজন মৃত ব্যক্তিকে এমন মামলার আসামি করা হলো, তা তাঁদের বোধগম্য নয়।

নাজমুল হক আরও বলেন, একজন বীর মুক্তিযোদ্ধার মৃত্যুর বিষয়টি যাচাই না করে তাঁকে মামলার আসামি করার ঘটনা অত্যন্ত দুঃখজনক। প্রকৃত অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং তাঁর বাবার নাম মামলা থেকে বাদ দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

ঘটনাটি জানাজানি হওয়ার পর কুতুবপুর ইউনিয়নে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দা রিফাত হোসেন বলেন, একজন মৃত ব্যক্তির নাম মামলার আসামির তালিকায় থাকা বিস্ময়কর। কাউকে আসামি করার আগে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় ও তিনি জীবিত কি না, তা যাচাই করা উচিত ছিল।

স্থানীয় বাসিন্দা খলিল শেখ বলেন, সামচু ঢালী দীর্ঘদিন ধরে এলাকায় বসবাস করেছেন। তাঁর মৃত্যুর বিষয়টি স্থানীয় অনেকেরই জানা। এমন একজন ব্যক্তির নাম মামলায় অন্তর্ভুক্ত হওয়া দুঃখজনক। বিষয়টি যথাযথভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা বের করা প্রয়োজন।

আরেক স্থানীয় বাসিন্দা ইব্রাহিম মাদবর বলেন, মামলায় কারও নাম অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে দায়িত্বশীলতা ও তথ্য যাচাই জরুরি। একজন মৃত ব্যক্তির নাম আসামির তালিকায় কীভাবে এল, তা তদন্ত করে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনা উচিত।

মামলার বাদী পদ্মা সেতু দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) আকরাম হোসেন বলেন, তিনি শুধু নামেই মামলার বাদী। আসামিদের নামের তালিকা তাঁকে দেওয়া হয়েছে। আসামিদের মধ্যে শিবচরের বাসিন্দাও রয়েছেন, তবে তাঁদের তিনি ব্যক্তিগতভাবে চেনেন না। কোথা থেকে এবং কীভাবে এসব নাম এসেছে, তা সংশ্লিষ্টরা ভালো বলতে পারবেন।

এ বিষয়ে পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম বলেন, মামলায় এতসংখ্যক আসামির মধ্যে দু-একটি নাম ভুলবশত অন্তর্ভুক্ত হতে পারে। তদন্তে কারও বিরুদ্ধে অভিযোগের সত্যতা না পাওয়া গেলে অথবা ভুলক্রমে নাম অন্তর্ভুক্ত হওয়ার প্রমাণ পাওয়া গেলে তাঁদের বাদ দেওয়ার সুযোগ রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।