November 23, 2026, 5:16 pm
শিরোনাম:
কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের দুদকের পিপি হলেন টেকনাফের কৃতী সন্তান অ্যাডভোকেট রশিদুল আলম চৌধুরী ভৈরবে এসআরবি-১৪ এর অভিযানে ৮৬৫ বোতল ভারতীয় (Eskuf) সিরাপ উদ্ধার সহ মাদক কারবারী আটক, ভৈরবে পুত্রের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ মার্চে কবরে শায়িত, নভেম্বরে সন্ত্রাসবিরোধী মামলার আসামি বীর মুক্তিযোদ্ধা মেরিন ড্রাইভে শেখ হাসিনার নির্দেশে শত শত মানুষকে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়েছে: শাহজাহান চৌধুরী এমপি ভৈরবে পলিথিনের কাঁচামাল কারখানায় দুর্ঘটনা, নারী শ্রমিক নিহত স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবোতে দোয়া মাহফিল অনুষ্ঠিত ভৈরবে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন বেলাবোতে প্রধানমন্ত্রীর পক্ষ হতে এক হাজার কৃষক পেল ধান ও সরিষার বীজ বেলাবোতে তানভীর হাসান রুবেলের সমর্থনে নির্বাচনী গণসংযোগ

মেরিন ড্রাইভে শেখ হাসিনার নির্দেশে শত শত মানুষকে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়েছে: শাহজাহান চৌধুরী এমপি

Reporter Name

 

নুরুল কায়সার জুয়েল
কক্সবাজার জেলা প্রতিনিধি
টেকনাফে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস, বিশৃঙ্খলা ও নৈরাজ্যের প্রতিবাদে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৩টায় টেকনাফ পৌরসভার সীমান্ত কমপ্লেক্স মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সালামের সঞ্চালনায় এবং উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী এমপি বলেন, মেরিন ড্রাইভে শেখ হাসিনার নির্দেশে শত শত মানুষকে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়েছে। এসব হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে। শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে তাঁর বিরুদ্ধে আইনানুগ বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে প্রশাসনকে ব্যবহার করে অসংখ্য মানুষকে গুম, নির্যাতন ও বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়েছে। দেশের মানুষ এসব ঘটনার সাক্ষী। টেকনাফের সাবেক কাউন্সিলর একরাম হত্যাকাণ্ডের বিচার দাবি করে তিনি অভিযোগ করেন, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ইন্ধনে প্রশাসনকে ব্যবহার করে একরামকে হত্যা করা হয়েছিল।

শাহজাহান চৌধুরী আরও বলেন, শেখ হাসিনা দেশে আসার স্বপ্ন দেখছেন। বিএনপি তা হতে দেবে না। বিচার নিশ্চিত না করে তিনি দেশে ফিরলে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবার এবং একরামের স্বজনদের কাছে কী জবাব দেওয়া হবে?

তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উপস্থিত নেতা-কর্মীদের সালাম জানান এবং বলেন, বর্তমান সরকারের বয়স মাত্র নয় মাস। এ সময়ের মধ্যে দেশের গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, টেকনাফের ১০২ জন আত্মস্বীকৃত মাদক ব্যবসায়ীকে আইনের আওতায় আনতে হবে এবং তাদের অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। এসব অস্ত্র ব্যবহার করে কিছু ব্যক্তি রাতের আঁধারে রাজনৈতিক পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করে এলাকায় নৈরাজ্য সৃষ্টি করছে। পুলিশ ও বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনাও ঘটছে। এসব অপতৎপরতা বন্ধে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

তিনি আরও বলেন, যেকোনো অন্যায়, অনিয়ম, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ প্রতিবাদ অব্যাহত থাকবে।

সমাবেশে উপস্থিত ছিলেন টেকনাফ পৌর বিএনপির আহ্বায়ক আব্দুর রাজ্জাক মেম্বার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সিনিয়র সহসভাপতি হাশেম মেম্বার, জেলা বিএনপির সদস্য রাশেদুল করিম মার্কিন, সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী, পৌর বিএনপির সদস্যসচিব হাফেজ এনামুল হাসান, যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন বাবলু ও ফরহাদ আমিন, উপজেলা ক্ষুদ্র ও কুটির শিল্পবিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ, পৌর যুবদলের আহ্বায়ক আব্দুল শুক্কুর, উপজেলা যুবদলের সদস্যসচিব জুনায়েদ আলী চৌধুরী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আব্দুল্লাহ এবং পৌর শ্রমিকদলের আহ্বায়ক আব্দুর রশিদসহ উপজেলা, পৌর, ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।