মোঃ রাইহানুল ইসলাম
শ্যামনগর উপজেলা প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে ‘জিয়া স্মৃতি লক্ষ টাকার চারদলীয় ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ অক্টোবর শ্যামনগর উপজেলার ১০ নম্বর আটুলিয়া ইউনিয়ন যুবদলের আয়োজনে এই জমজমাট টুর্নামেন্টটি সম্পন্ন হয়।
খেলায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণাবিয়ক সম্পাদক জনাব আমিনুর রহমান আমিন। প্রধান অতিথির অনুপস্থিতিতে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন শ্যামনগর উপজেলা যুবদলের সদস্য সচিব আনারুল ইসলাম আঙ্গুর।
টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক হাফিজ আল আসাদ কল্লোল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুলফিকার সিদ্দিক এবং উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি হাবিব হোসেন সেলিম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা ওলামা দলের সভাপতি রবিউল ইসলাম, মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক রিপন খাঁন, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, জাসাসের সাবেক সদস্য সচিব মো. রাইহানুল ইসলাম, জেলা তাঁতি দলের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির লিটন, শ্যামনগর সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি আবু সাঈদ, পৌর ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আল ইমরান, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আদম আলী, সাবেক ছাত্রদল নেতা মুকুল হোসেন, যুবদলের মমিনুর রহমান ও মাছুম বিল্লাহসহ আটুলিয়া ইউনিয়ন এবং উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আটুলিয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব এম আবুজার গেফারীর সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনায় টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন হয়। এছাড়া আয়োজনে সহযোগিতা করেন আটুলিয়া ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল্লাহ আল মামুন ও সাধারণ সম্পাদক শেখ মিলনসহ অন্যান্য নেতৃবৃন্দ। তাদের দিনরাত পরিশ্রম ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় টুর্নামেন্টটি স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি করে।
দিনব্যাপী প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই টুর্নামেন্টে শামীমা ক্লিনিক চ্যাম্পিয়ন (প্রথম স্থান) এবং ফ্রেন্ডস ইউনাইটেড রানার্সআপ (দ্বিতীয় স্থান) হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে প্রধান অতিথির পক্ষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন আনারুল ইসলাম আঙ্গুর ও হাফিজ আল আসাদ কল্লোলসহ আটুলিয়া ইউনিয়ন বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাতক্ষীরা ও খুলনার আমন্ত্রিত শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টকে কেন্দ্র করে পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।