August 19, 2026, 10:03 am
শিরোনাম:
মাসের শেষে ভাড়ার টাকা আর যাবে না পর, ‘স্বপ্ন শহর’-এ গড়ে উঠুক আপনার নিজের ঘর। নীলফামারীতে শিবচরের যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার, দুর্ঘটনা নাকি হত্যা? ফুটপাত থেকে দৈনিক প্রায় লাখ টাকার চাঁদাবাজি!মসিকের সাঁড়াশি অভিযানে উচ্ছেদ মালামাল জব্দ ময়মনসিংহে চর খরিচা উচ্চ বিদ্যালয় মাঠের প্যাভিলিয়ন ভেঙে রড-ইট বিক্রির অভিযোগ শিবচরে রহস্যজনকভাবে অসুস্থ একই পরিবারের ১১ সদস্য, ঢাকায় রেফার ৪ জন শিবচরে মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে দোয়া ও শুভকামনা সভা অনুষ্ঠিত। বেলাবোতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালিত রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচ্ছন্নতা পরিদর্শন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর রংপুরে তরুনী শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্বার, মিলল দুই পৃষ্ঠার নোট আকাশ ছোঁয়ার স্বপ্ন ও মানবতার গল্প: পাইলট মেহজাবীন তুবা

নীলফামারীতে শিবচরের যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার, দুর্ঘটনা নাকি হত্যা?

Reporter Name

 

ঝুমুর আক্তার
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

৪৫তম বিসিএসে কৃষি ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে নতুন কর্মজীবনে পা রাখার অপেক্ষায় ছিলেন মাদারীপুরের শিবচরের মীর তানভীর আহমেদ (৩১)। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। নীলফামারীর সৈয়দপুর এলাকায় রেললাইনের পাশ থেকে তাঁর খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। মরদেহের গলা কাটা ও শরীরের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন অবস্থায় পাওয়ায় এটি নিছক ট্রেন দুর্ঘটনা, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে—তা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন।

মীর তানভীর আহমেদ শিবচর উপজেলার কাদিরপুর ইউনিয়নের ডিগ্রিরচর এলাকার মীর বজলুর রশিদের ছেলে। তিনি দিনাজপুরের গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটে ফার্ম সুপারিনটেনডেন্ট পদে কর্মরত ছিলেন। প্রায় এক মাস আগে তাঁকে পঞ্চগড়ে বদলি করা হয়।

পরিবার ও স্বজনদের সূত্রে জানা গেছে, সোমবার রাত থেকে তানভীরের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা যাচ্ছিল না। দীর্ঘ সময় কোনো খোঁজ না পাওয়ায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে নীলফামারীর সৈয়দপুর এলাকার রেললাইনের পাশে তাঁর খণ্ডিত মরদেহ পড়ে থাকার খবর পান স্বজনরা।

স্বজনদের দাবি, তানভীরের মোবাইল ফোন ও মানিব্যাগ তাঁর অফিসেই পাওয়া গেছে। এ বিষয়টি তাঁদের সন্দেহ আরও বাড়িয়েছে। স্থানীয়রা সোমবার রাতেই রেললাইনের পাশে মরদেহ দেখতে পেলেও পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন মঙ্গলবার দুপুর ১২টার দিকে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে টিলাহাটি থেকে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তানভীর নিহত হন। ডোমার উপজেলা শহরের অদূরে শিমুলতলী এলাকায় এ ঘটনা ঘটে।

তবে পরিবারের সদস্যদের দাবি, মরদেহের গলা কাটা ও শরীরের বিভিন্ন অংশ খণ্ড-বিখণ্ড অবস্থায় পাওয়ায় ঘটনাটিকে শুধু ট্রেন দুর্ঘটনা হিসেবে মেনে নিতে পারছেন না তাঁরা। তাঁদের আশঙ্কা, এর পেছনে অন্য কোনো ঘটনা থাকতে পারে।

পরিবার জানায়, বর্তমান চাকরি থেকে পদত্যাগ করে ৪৫তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত কৃষি ক্যাডারে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তানভীর। জীবনের নতুন অধ্যায় শুরুর আগমুহূর্তে তাঁর এমন মৃত্যুতে স্বজন, সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোক নেমে এসেছে।

পরিবারের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে তানভীরের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন এবং ঘটনায় কারও সম্পৃক্ততা থাকলে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্বজনরা।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঘটনাটির প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। তদন্ত শেষে এটি ট্রেন দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণে তানভীরের মৃত্যু হয়েছে, তা স্পষ্ট হবে।