এহসানুল হক রিপন জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার আনন্দ বাজারে জেলিযুক্ত ক্ষতিকর চিংড়ি মাছ বিক্রির দায়ে মাছ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে প্রায় ৫০ কেজি ক্ষতিকর জেলিযুক্ত চিংড়ি মাছ ধ্বংস করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) দুপুর ১টার দিকে জেলা প্রশাসকের সার্বিক তত্ত্বাবধানে ও বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আনন্দ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।
অভিযানকালে বাজারের এনামুল নামে মাছ ব্যবসায়ীর কাছে জেলিযুক্ত চিংড়ি মাছ পাওয়া যায়। তাৎক্ষণিক ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ক্ষতিকর জেলিযুক্ত প্রায় ৫০ কেজি চিংড়ি মাছ যথাযথভাবে ধ্বংস করা হয়।এ সময় সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ভবিষ্যতে এ ধরনের অপরাধ পুনরায় করলে আইনের সর্বোচ্চ প্রয়োগের বিষয়ে সতর্ক করা হয়।জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, জনস্বার্থে ক্ষতিকর ও ভেজাল খাদ্যপণ্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।