September 20, 2026, 10:54 pm
শিরোনাম:
পতেঙ্গায় দুই টন চোরাই কয়লাসহ দুই বোট জব্দ রাজারহাটে তালা ভেঙে বাজার অফিস দখলের অভিযোগ, যুবদলের জমকালো উদ্বোধন টেকনাফে পর্যটন শিল্পের উন্নয়নে করণীয় নিয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন বিএমইউজের বিশেষ আলোচনা সভা প্রবাসীদের ঘাম ঝরানো টাকায় পরকীয়া ও প্রতারণা: নিঃস্ব সংসার, ফাঁদে পড়ছে তরুণী শিক্ষার্থীরা ডেঙ্গু জ্বরের ভয়াবহতা, সতর্কতা ও প্রতিকার ভৈরবে নির্মান হবে সড়কসহ ৩শ ৮৫ কোটি টাকার ব্যয়ে বেড়িবাঁধ প্রতিবন্ধী শিক্ষার্থীদের পাশে বাংলাদেশ মানববন্ধু সংগঠন জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবিলায় রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম (ছজঞ) গঠনের সিদ্ধান্ত হাজার মাইলের দূরত্ব আর একাকীত্বের মাঝেও জন্মদিনের আলোয় সিক্ত এক তরুণীর গল্প: শুভ জন্মদিন মেহজাবীন তুবা। টেকনাফের শামলাপুর বাজারের সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি শাহজাহান চৌধুরী

রাজারহাটে তালা ভেঙে বাজার অফিস দখলের অভিযোগ, যুবদলের জমকালো উদ্বোধন

Reporter Name

 

ইব্রাহিম আলম সবুজ রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিমখান বাজারে বাজার কমিটির জন্য নির্ধারিত একটি অফিস দখল করে যুবদলের কার্যালয় করার অভিযোগ উঠেছে। দীর্ঘদিন তালাবদ্ধ থাকা অফিসটির তালা ভেঙে সেখানে দলীয় কার্যালয় স্থাপন করা হয় বলে অভিযোগ স্থানীয়দের।
প্রায় এক মাস পর রোববার ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় ঝাড়বাতি ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে কার্যালয়টির উদ্বোধন করা হয়।

ঘটনাটি উপজেলার নাজিমখান ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মল্লিককবেগ মৌজায় ইউনিয়ন পরিষদ গেটসংলগ্ন নাজিমখান বাজারে।

স্থানীয় সূত্র জানায়, ইউনিয়ন পরিষদের উদ্যোগে নির্মিত অফিসটি বাজার কমিটির কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত ছিল। সেখানে একটি ডেস্ক ও প্রায় ২৫টি চেয়ার ছিল। দীর্ঘদিন তালাবদ্ধ থাকার পর যুবদলের কয়েকজন নেতা-কর্মী তালা ভেঙে ভেতরে প্রবেশ করে সেটিকে দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার শুরু করেন বলে অভিযোগ।

পরে অফিসের বাইরে নাজিমখান ইউনিয়ন যুবদলের ব্যানার এবং ভেতরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি টাঙানো হয়। বাজার কমিটির আসবাবও দলীয় কাজে ব্যবহৃত হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

রোববার সন্ধ্যায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া মাহফিলের পাশাপাশি সাংস্কৃতিক আয়োজন ও ভোজের ব্যবস্থা করা হয়। এতে উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল কুদ্দুস, সদস্য সচিব নয়ন আলীসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

নাজিমখান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক পাটোয়ারী বলেন, বাজার কমিটির অফিসটি পদাধিকার বলে আমার দায়িত্বে। কিন্তু বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এ বিষয়ে কার্যকর কিছু করতে পারছি না।

বাজারের ইজারাদার মাহফুজা বেগম বলেন, অফিসটি বাজার কমিটির কাছে হস্তান্তর করা হলে বাজার ব্যবস্থাপনা আরও সহজ হবে।

নাজিমখান ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রবিউল আলম বকসী বাদশা বলেন, দলের নাম ভাঙিয়ে সরকারি অফিস দখল করে কার্যালয় করা বিএনপির আদর্শ নয়।

তবে অভিযোগ অস্বীকার না করে যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আমিনুল ইসলাম বলেন, আওয়ামী লীগের সময় তারা দখলে রেখেছিল, এখন আমরা দখলে নিয়ে অফিস করেছি।

সদস্য সচিব শফিকুল ইসলাম সাজু বলেন, সরকারি জায়গায় সরকারি অফিস আমরা যুবদল অফিস করেছি। তাতে কী হয়েছে?

স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের একাংশের দাবি, আওয়ামী লীগ সরকারের সময়ও অফিসটি রাজনৈতিকভাবে ব্যবহৃত হয়েছে। এখন এক দলের পরিবর্তে আরেক দলের নিয়ন্ত্রণে যাওয়ার বদলে বাজার ব্যবস্থাপনার স্বার্থে এটি বাজার কমিটির কাছে ফিরিয়ে দেওয়া উচিত।

এ বিষয়ে রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মিস তানজিলা তাসনিমের বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।