মোঃ নাঈম মিয়া,নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের ভৈরবে সাংবাদিক এম আর রুবেল এর ওপর হামলার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) বিকেল ৩টায় ঢাকা-সিলেট মহাসড়কের দুর্জয় মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন দৈনিক যুগান্তরের প্রতিনিধি আসাদুজ্জামান ফারুক, ভৈরব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সোহেলুর রহমান, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মো. সুমন মোল্লা, সাংবাদিক নজরুল ইসলাম রিপন, সজীব আহমেদ, মো. আলাল উদ্দিন, শামীম আহমেদ ও মাহফুজুল ইসলাম মফিজ প্রমূখ।
বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা।
উল্লেখ্য, গত শুক্রবার ভৈরব পৌর শহরের কমলপুর এলাকায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন সাংবাদিক এম আর রুবেল।
ভৈরব থানার ওসি মো. মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।