শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুরের শিবচর উপজেলায় আদালতের নিষেধাজ্ঞা থাকা বিরোধপূর্ণ জমিতে রাতের আঁধারে টিনের ঘর নির্মাণের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। উপজেলার ১৫ নম্বর গোয়ালকান্দা মৌজার ১২৪ ও ৫০৬ নম্বর খতিয়ানের প্রায় ৪ একর ১৫ শতাংশ জমির মালিকানা নিয়ে মৃত আব্দুল হকের ওয়ারিশদের সঙ্গে কয়েকজনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে আদালতে মামলা বিচারাধীন থাকা অবস্থায় জমিতে নতুন করে স্থাপনা নির্মাণ এবং সীমানায় টিনের বেড়া ও গেট স্থাপনের অভিযোগ করেছেন ওয়ারিশরা। এ ঘটনায় প্রতিকার চেয়ে শিবচর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মৃত আব্দুল হকের ছেলে মো. ফজলুল হক মিয়া।
অভিযোগ সূত্রে জানা যায়, জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে ২০০৮ সালের ২৯ মে আদালত বিরোধপূর্ণ জমিতে যেকোনো ধরনের স্থাপনা নির্মাণের ওপর নিষেধাজ্ঞা জারি করেন। জমি নিয়ে দায়ের করা মূল মামলা ৭৪/২০০৯ বদলি সূত্রে বর্তমানে শিবচর সিভিল জজ আদালতে দেওয়ানি ৩০৪/২০২১ নম্বর মামলায় বিচারাধীন রয়েছে বলে জানিয়েছেন ফজলুল হক মিয়া।
তাঁর অভিযোগ, গত ২৫ অক্টোবর ২০২৬ ইং রাতে শামসুল আলমের ছেলে শাহরিয়ার আলমের নির্দেশে স্থানীয় খালেক মাদবর ও সালাম শরীফের সহযোগিতায় বিরোধপূর্ণ জমিতে বালু ভরাট করে দুটি ছোট টিনের ঘর নির্মাণ করা হয়। ওই সময় তাঁদের পরিবারের সদস্যরা ঢাকায় অবস্থান করছিলেন। পরে বিষয়টি জানতে পেরে তাঁরা প্রতিবাদ জানালে প্রতিপক্ষের লোকজন তাঁদের মারধর ও হত্যার হুমকি দেন বলে অভিযোগ করেন তিনি।
ফজলুল হক মিয়া আরও জানান, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়ার পর কয়েক দিন নির্মাণকাজ বন্ধ ছিল। তবে গত ২০ নভেম্বর ২০২৬ ইং আগের দুটি ঘরের পেছনে আরও দুটি একচালা টিনের ঘর নির্মাণ করা হয়। পাশাপাশি বাড়ির সামনের দিকে টিনের বেড়া ও গেট স্থাপন করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
ফজলুল হক মিয়া বলেন, ‘ওয়ারিশ সূত্রে আমরা ওই জমির মালিক। কয়েকবার স্থানীয়ভাবে সালিস হলেও কোনো সমাধান হয়নি। জমি নিয়ে আদালতে মামলা চলছে। আদালত মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জমির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন। আমরা আদালতের রায়ের অপেক্ষায় আছি। কিন্তু নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও প্রতিপক্ষের লোকজন জমিতে ঘর নির্মাণ করছেন। প্রতিবাদ জানালে আমাদের হুমকি দেওয়া হচ্ছে। আমরা এর সুষ্ঠু প্রতিকার চাই।’
তিনি আরও বলেন, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমিতে স্থাপনা নির্মাণের ঘটনায় তাঁরা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
এদিকে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের বিষয়ে স্থানীয় বাসিন্দা হাকিম বলেন, ‘এই জমির বিরোধ অনেক আগের। এ নিয়ে আমরা কয়েকবার স্থানীয়ভাবে বসেছি। সাবেক মেয়র আওলাদ হোসেন খান এবং পরে কামাল জামান মোল্লাও বিষয়টি নিয়ে সালিসে বসেছিলেন। তবে কোনো সমাধান হয়নি। এখন বিষয়টি আদালতে রয়েছে।’
আদালতের নিষেধাজ্ঞা অমান্যের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আদালতের নির্দেশনা দুই পক্ষেরই মেনে চলা উচিত।
অভিযোগের বিষয়ে শাহরিয়ার আলম, খালেক মাদবর ও সালাম শরীফের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
দীর্ঘদিনের জমি নিয়ে বিরোধ এবং নতুন করে স্থাপনা নির্মাণের অভিযোগকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ পরিস্থিতিতে বিরোধপূর্ণ জমি নিয়ে নতুন কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা।